মাগুরা প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ৪:২৪:২৬ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডলকে (৬০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডলের অনুসারীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ঘাসিয়াল গ্রামের মসজিদসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত আলম মণ্ডল বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলম মণ্ডল অভিযোগ করে বলেন, শনিবার সকালে টিকারবিলা বাজার থেকে ওষুধ কিনে করন্দি গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডলের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন ও রিয়াজসহ কয়েকজন তার ওপর হামলা চালান।
তার দাবি, ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলেন, “আলম মণ্ডলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে আমার লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো কিংবা আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















