বগুড়া প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ২০২৫ , ৯:০৬:১৭ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
ময়দানহাট্টা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাফিউল ইসলাম রকির সভাপতিত্বে এবং যুব নেতা আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে তরুণ সমাজকে দায়িত্বশীল, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ সংস্কারে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





















