প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ৭:৩৫:২৭ প্রিন্ট সংস্করণ
ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির মামলায় মতিঝিল এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। রাষ্ট্রপক্ষ বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
মামলার বিবরণে বলা হয়, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানীর অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানার এজিবি কলোনীতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন। এসময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তার মনোনীত লোককে না নিলে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। চারদিন পর ১৯ মে সকাল ১০ টার দিকে কোরবানির পশুর হাট সংক্রান্তে মিটিং এ থাকাবস্থায় তার ভাগিনা হৃদয় মোবাইল ফোনের মাধ্যমে জানায়, ভোরবেলা অজ্ঞাতনামা কে বা কারা তার অফিসে গুলি করেছে।
এ ঘটনায় গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।





















