আইন-আদালত

সাতক্ষীরায় সাংবাদিক জিন্নাহর ওপর হামলা মামলায় আসামি মামুন কারাগারে

  সাতক্ষীরা প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১০:৪১:৫০ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরায় সাংবাদিক এমএম জুলফিকার আলি জিন্নাহর ওপর হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এদিন ছয় আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামির জামিন মঞ্জুর করা হয়।

বাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পিন্টু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তোজামসহ অন্যান্য আইনজীবী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি আমমোক্তারনামা দলিল সম্পাদন করতে যান সাংবাদিক জিন্নাহ। জমি সংক্রান্ত ওই দলিলের জন্য আগে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল এবং বাকি ৫ লাখ টাকা রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল।

এ সময় আসামিরা চাঁদা হিসেবে আরও ৫০ লাখ টাকা দাবি করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা জিন্নাহকে এজলাস থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে লোহার রড ও কিল-ঘুষি দিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে আবার এজলাসে এনে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে আসামিরা তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক জিন্নাহ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content