আইন-আদালত

কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন জিয়াউল আহসান

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ২:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারিক কার্যক্রম এখন থেকে কারাগারে রেখেই ভার্চুয়ালি পরিচালিত হবে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করেছেন। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।

পরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, ‘তাদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চুয়ালি মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।’

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার করেছিলেন, তাকে (জিয়াউল আহসান) কারাগার থেকে ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয়।

শুনানিতে নাজনীন নাহার বলেছিলেন, প্রিজন ভ্যানে জিয়াউল আহসানকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এককভাবে না এনে তাকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।

জিয়াউল আহসানের আইনজীবীর এই আবেদনের বিরোধিতা করেছিল প্রসিকিউশন। সেদিন শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার আবেদন করেছিলেন জিয়াউল আহসানকে কারাগারে রেখে সেখান থেকে তার ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ পরিচালনার জন্য। কারাগার থেকে ভিডিওর মাধ্যমে আসামির অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তাৎক্ষণিকভাবে সেদিন ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি। আজ প্রসিকিউটর গাজী মোনাওয়ার সাংবাদিকদের বলেন, তাদের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে।

আরও খবর

Sponsered content