প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১১:১৩:৩০ প্রিন্ট সংস্করণ
নেপাল-চীন সীমান্তের চীনা অংশে নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বুধবার নিখোঁজের সংখ্যা ২৬৫ জন বলে জানানো হয়েছিল। এক দিনের ব্যবধানে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার নেপাল-চীন সীমান্তে ভূমিধসের পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চীনের রেড ক্রস সোসাইটি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য তারা ৫ হাজার ৫০০টির বেশি বাক্সে পানি ও খাবার সরবরাহ করেছে। এ ছাড়া তাঁবু, স্বাস্থ্যসামগ্রী, কম্বল, বিছানা ও বহিরাঙ্গনের পোশাকসহ ২ হাজার ৫০০টির বেশি প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
এদিকে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়।
গতকাল বুধবার দেশটির তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার পানিতে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।





















