আন্তর্জাতিক

ভারতের দিকে ধেয়ে আসছে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ১১:০০:৫৪ প্রিন্ট সংস্করণ

ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির সাম্প্রতিক অগ্ন্যুৎপাত থেকে তৈরি ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমানসংস্থা, যার মধ্যে আকাশা এয়ার, ইন্ডিগো ও কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স রয়েছে।

এনডিটিভি সূত্রে খবর, ছাইয়ের মেঘ ইতোমধ্যে দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের আকাশে প্রবেশ করেছে। তবে বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ছাই হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ফ্লাইট পরিকল্পনা ও রুটিং পরিবর্তন করতে হবে এবং ছাইয়ের উপস্থিতি সন্দেহ হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।

এছাড়া, স্যাটেলাইট ও আবহাওয়াজনিত তথ্য ব্যবহার করে ছাইয়ের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।

ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত আগ্নেয়গিরিটিতে রোববার (২৩ নভেম্বর) সকালে অগ্ন্যুৎপাত ঘটে। এতে পাশের আফদেরা গ্রাম সম্পূর্ণ ধুলায় ঢেকে যায়।

আফার টিভির তথ্যমতে, অগ্ন্যুৎপাতের ফলে এরটা আলে ও আফদেরা শহরের আশপাশে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এটি সক্রিয় এরটা আলে আগ্নেয়গিরির প্রায় নয় মাইল (১৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও খবর

Sponsered content