বিনোদন

ক্ষমা চাইলেন এড শিরান

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে মন্তব্যের জেরে র‍্যাপার ম্যাকলমোরকে নিজের কনসার্ট সফর থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক কনসার্টে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন তিনি।

লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে দেওয়া বক্তব্যে শিরান বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি ভুলও করেছেন। এ জন্য তিনি দর্শকদের কাছে ক্ষমা চান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন শিরান। তবে এরপর গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধকে ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসমানুপাতিক’ বলে মন্তব্য করেন তিনি।

গাজায় ইসরায়েলের আচরণের নিন্দা জানিয়ে শিরান বলেন, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পশ্চিম তীরেও ‘পদ্ধতিগত অন্যায়’ চলছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলের ডানপন্থি জোট সরকারের সময়ে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি।

শিরানের শনিবারের বক্তব্য চলতি সপ্তাহের শুরুর দিকের অবস্থান থেকে বেশ ভিন্ন। এর আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, তার কনসার্টে আসা দর্শকেরা ‘রাজনৈতিক মঞ্চ’ প্রত্যাশা করেন না।

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরে বিতর্ক চলছে। ম্যাকলমোর দাবি করেন, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফট শিরানকে জানিয়েছিলেন, ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে তাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

এর আগে ৪ সেপ্টেম্বর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে এক কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেছিলেন ম্যাকলমোর। তার দাবি, এরপর ক্রাফটসহ কয়েকটি স্টেডিয়ামের মালিক শিরানকে জানান, ম্যাকলমোর সফরে থাকলে তাদের ভেন্যুতে অনুষ্ঠান করা যাবে না। পরে সফরের অন্য কয়েকজন সহযোগী শিল্পীও ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে সরে দাঁড়ান।

স্টেডিয়াম মালিকদের দাবিতে ম্যাকলমোরকে সফর থেকে সরিয়ে দেওয়া হলেও শিরান বলেন, কনসার্টে শিল্পীদের বক্তব্য বা পরিবেশনার বিষয়বস্তু যাচাই করে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটলেও ‘মুক্ত বিশ্বে’ এমনটি হওয়া উচিত নয়।

এদিকে, শিরানের কনসার্টের আগে ফিলাডেলফিয়ায় ভেন্যু থেকে প্রায় আধা মাইল দূরে কয়েক ডজন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জড়ো হন। আয়োজকেরা জানান, গাজার পরিস্থিতি সম্পর্কে মানুষকে জানানো এবং ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা স্থানীয় সংগঠনগুলোর বিষয়ে সচেতনতা তৈরিই ছিল তাদের উদ্দেশ্য।

তবে কনসার্টে আসা দর্শকদের কেউ কেউ মনে করেন, অনুষ্ঠানে রাজনীতি না এনে শুধু সংগীতের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

আরও খবর

Sponsered content