মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ৬:৩৫:৪০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, ভুক্তভোগী চৌমুহনী আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা প্রবাসে থাকায় সে দাদার তত্ত্বাবধানে বসবাস করত। অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত পক্ষ তা উপেক্ষা করে।
এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রনি মিয়া ও তার সহযোগীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনি মিয়া (২০) মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর গ্রামের সোহেল মিয়ার ছেলে।
র্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















