রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০২:৩১ প্রিন্ট সংস্করণ
গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় পিআইবির আয়োজনে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। দ্বিতীয় দিন রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
রোববার দুপুর ২টায় আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নির্বাচনকালে ভুয়া তথ্য, অপপ্রচার ও গুজব যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে—সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেস্কো প্রতিনিধি শাকিল এম ফায়সাল এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনের নিবিড় এই প্রশিক্ষণে নির্বাচনের মাঠে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশেষ গুরুত্ব পায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংবাদকর্মীদের জন্য প্রণীত নীতিমালা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে ছড়ানো অপপ্রচার মোকাবিলার কৌশল, নির্বাচনকালীন রিপোর্টিংয়ে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা, এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিংয়ের প্রয়োজনীয় কৌশল, আইনি কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।














