প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ
নগর পরিকল্পনায় শ্রমজীবী ও মেহনতি মানুষের জীবন-জীবিকা ও চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ঢাকাসহ দেশের বড় শহরগুলো শুধু উচ্চবিত্ত ও মধ্যবিত্তের জন্য নয়; এসব শহরে ৪০ শতাংশের বেশি শ্রমজীবী মানুষ বসবাস করেন। তাদের বাদ দিয়ে কোনো নগর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা শ্রমিক সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, `আমাদের বড় বড় শহরগুলো শ্রমজীবী-গরিব মানুষেরও। তাদের রক্ত ও ঘামে আমাদের নগর-বন্দর গড়ে উঠেছে। এই মানুষদের বাদ দিয়ে কোনো শহর চলতে পারে না, তাদের বাইরে রেখে কোনো নগর পরিকল্পনাও হতে পারে না।’
ব্যাটারিচালিত রিকশা নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে সরকার বা সিটি করপোরেশনকে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় না নিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।
সাইফুল হক বলেন, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত করা না গেলে তাদের কাছে গণতন্ত্রের কোনো অর্থ থাকবে না। রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়েও কেউ যথাযথভাবে কথা বলে না। অথচ অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও রিকশা শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে।
অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং এবং রিকশা শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবহন নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় শ্রমিক নেতারা রিকশা শ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানান। তারা শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রিকশার জন্য আলাদা লেন চালু, অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন, স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে মানবিক জীবন নিশ্চিত করার দাবি জানান।
সভায় বক্তব্য দেন বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদার, সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, হারুনর রশীদ, মোহাম্মদ আলম, চুন্নু সিকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
শ্রমিক নেতারা বলেন, রিকশা শ্রমিকরা নগর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের জীবন-জীবিকার নিরাপত্তা উপেক্ষিত। তাই শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পরিবহন নীতি গ্রহণ এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।





















