মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ২০ জানুয়ারি ২০২৬ , ৪:২৪:০৬ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির পৃথক চারটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, গত সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ফতেপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া বাখের আলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ২টি গরু, জহুরপুরটেক বিওপি থেকে একই ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং তেকোনাপাড়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”




















