কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ১২:৩৪:০৭ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১২ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক পাচারের বিভিন্ন অভিনব কৌশল উদঘাটন করা হয়। অভিযানের এক পর্যায়ে দুই ব্যক্তির সন্দেহজনক আচরণে তল্লাশি চালিয়ে তাদের পেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া একই চেকপোস্টে পৃথক অভিযানে একটি মোটরসাইকেলের গোপন অংশ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে একটি সিএনজি অটোরিকশার সিটের নিচে সু-কৌশলে লুকিয়ে রাখা আরও ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১২ হাজার ১০০ পিস বলে নিশ্চিত করেছে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।




















