অপরাধ

গোদাগাড়ীতে ‘নয়ন ডাঃ’-এর বিরুদ্ধে মাদক কারবার ও জমি দখলের অভিযোগ

  রাজশাহী জেলা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১২:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ

একসময় ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক কারবার, ভূমি দখল ও প্রতারণাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের ‘সোর্স’ পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নয়ন ডাঃ গোদাগাড়ী উপজেলার সহরাগাছি গ্রামের মাজেদ আলী ওরফে ‘ডিসি মাজেদ’-এর ছেলে। তিনি মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ভারত থেকে সীমান্তপথে আসা হেরোইনের বড় চালান নিয়ন্ত্রণের সঙ্গে নয়ন ডাঃ জড়িত। তার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এসব মাদকের চালান পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ কাজে তার ভাতিজা বাবু মেম্বার ও ভাগ্নে জসিম জড়িত বলে স্থানীয়দের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ভারতের মাদক কারবারিদের সঙ্গে নয়ন ডাঃ-এর সরাসরি যোগাযোগ রয়েছে বলে এলাকায় আলোচনা আছে। তার সহযোগীরা মাদক সরবরাহের কাজ পরিচালনা করলেও মূল হোতা হিসেবে নয়ন ডাঃ আড়ালে থাকেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে মাদক কারবারের মাধ্যমে অর্জিত অর্থে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সহরাগাছি এলাকায় তার প্রায় ছয় বিঘা ধানি জমি রয়েছে। সম্প্রতি উচলপাড়া এলাকায় নিজের নামে আরও প্রায় তিন বিঘা জমি কিনেছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে তার সম্পদ ও জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নয়ন ডাঃ-এর বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল, প্রতারণা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল নিয়ে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন সাধারণ ট্রলি চালক থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া এবং এলাকায় প্রভাব বিস্তারের বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content