সারাদেশ

গাজীপুরে বিএনপির বিশাল মশাল মিছিল: গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

  মোঃ নুরুজ্জামান শেখ: ২৩ ডিসেম্বর ২০২৫ , ১২:২৭:৪২ প্রিন্ট সংস্করণ


উচ্চ আদালতের রায়ে গাজীপুর-৬ সংসদীয় আসন বিলুপ্তির পর পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবিতে গাজীপুরের টঙ্গীতে সোমবার রাত সাড়ে ৭টায় বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট থেকে শুরু হয়ে চেরাগআলী, হোসেন মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল শিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হালিম, যুবদল নেতা টুটুলসহ কয়েকশ নেতাকর্মী।

মিছিলের সময় নেতাকর্মীরা স্লোগান দেন: “ভোটার বাস্তবতা মানতে হবে”, “গাজীপুর-২ এ ন্যায্য মনোনয়ন চাই” এবং “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে”

মিছিলে বক্তারা বলেন, গাজীপুর-৬ আসনের বিলুপ্তি ও ভোটার কাঠামোর পরিবর্তনের কারণে গাজীপুর-২ আসনে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। বর্তমানে এ আসনে প্রায় ৮ লাখ ভোটার রয়েছেন, যাদের অধিকাংশ টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় বসবাস করেন। তাই দলীয় মনোনয়ন পুনর্মূল্যায়ন করা না হলে তা দলীয় ক্ষতি হতে পারে।

মশাল মিছিলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে আহ্বান জানানো হয়েছে, গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

আরও খবর

Sponsered content