প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৮:১৭ প্রিন্ট সংস্করণ
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের জেরে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি সাময়িকভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। ফলে বুধবার মাদ্রিদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিক ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আরও শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
গত মঙ্গলবার লিসবনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন প্রেস্টিয়ানি। তিনি ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে বিষয়টি জানান।
তবে প্রেস্তিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন। বেনফিকা ক্লাবও জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে, যদিও বুধবারের ম্যাচের আগে তা কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে তারা।
ঘটনার পর ম্যাচটি প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস রেফারিকে অভিযোগ জানানোর পর তিনি ও তার সতীর্থরা সাময়িকভাবে মাঠ ছাড়েন। এর আগে ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস একটি দুর্দান্ত গোল করেন এবং গোল উদযাপনের সময় বেনফিকা সমর্থকদের সামনে উদযাপন করায় হলুদ কার্ডও দেখেন।
বেনফিকার কোচ হোসে মরিনিয়ো, যিনি ম্যাচে লাল কার্ড দেখায় দ্বিতীয় লেগে নিষিদ্ধ, ম্যাচ-পরবর্তী মন্তব্যে বলেন ভিনিসিয়ুস অসম্মানজনকভাবে উদযাপন করেছেন—এ মন্তব্যের জন্য তিনি সমালোচনার মুখে পড়েন। নিষেধাজ্ঞার কারণে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলতে পারবেন না মরিনিয়ো; তার বদলে বার্নাব্যুতে গণমাধ্যমের মুখোমুখি হবেন সহকারী কোচ জোয়াও ত্রালহাও।
উয়েফা জানিয়েছে, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে “প্রাইমা ফেসি লঙ্ঘন” হওয়ার যথেষ্ট উপাদান পাওয়া গেছে বলেই তদন্ত শেষ হওয়ার আগেই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত তদন্ত শেষে উয়েফার শৃঙ্খলা কমিটি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিলে সেটিই কার্যকর হবে।
প্রতিক্রিয়ায় বেনফিকা বলেছে, তদন্ত চলাকালীন সময়ে খেলোয়াড়কে নিষিদ্ধ করায় তারা দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি আপিল করার কথাও জানিয়েছে ক্লাবটি, যদিও নির্ধারিত সময়সীমার কারণে দ্বিতীয় লেগে এর বাস্তব কোনো প্রভাব পড়বে না বলেই তাদের ধারণা।
একই সঙ্গে বেনফিকা সব ধরনের বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ক্লাবটি জানিয়েছে, এই মূল্যবোধ তাদের ঐতিহাসিক পরিচয়ের অংশ এবং প্রতিদিনের কার্যক্রম, বৈশ্বিক কমিউনিটি, বেনফিকা ফাউন্ডেশনের কাজ ও কিংবদন্তি ইউসেবিওর মতো ক্লাবের মহান ব্যক্তিত্বদের মধ্যেও এর প্রতিফলন রয়েছে।




















