সারাদেশ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালালেন স্বামী

  প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ১:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাছলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে। নিহত তাছলিমার ১২ বছর বয়সী একটি মেয়ে এবং ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ছাড়া তিনি পাঁচ মাসের অন্ত:স্বত্তা ছিলেন।

নিহতের কন্যা সাদিয়া খাতুন (১২) বলে, মায়ের সঙ্গে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। শনিবার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গরুর মত গ্যাঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি, মাকে বাবা খুন করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content