সারাদেশ

রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মোঃ সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২০ নভেম্বর ২০২৫ , ৭:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ

 

রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, উন্নয়ন প্রকল্প, সম্ভাবনা এবং প্রতিকারমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির সভাপতি এনামুল স্বাধীন, সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলি, জাকির মুন্সী, জেনিফা ইয়ামিম লিনা, নূর-ই-রাব্বী, শাহরিয়ার মিমসহ গণমাধ্যমের বিভিন্ন নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভায় তিনি বলেন, “রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম ও ত্যাগের প্রতীক। ২৪–এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।”

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন ও পরামর্শ রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হবে।”

আরও খবর

Sponsered content