সারাদেশ

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ঐক্যের আহ্বান

  প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৮:২০ প্রিন্ট সংস্করণ

দলের অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই নেতা-কর্মীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যে জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক জেলা সভাপতি এম এ সালামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের ৭৫টি ইউনিয়নে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখন থেকেই সাংগঠনিকভাবে কাজ করতে হবে। যারা দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের ত্যাগ, জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিয়ে প্রার্থী করা হলে নির্বাচনে ভালো ফলাফল অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জন্য বিভিন্ন প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের মতো উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সমন্বয় থাকলে সাধারণ মানুষ দ্রুত সেবা পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের একে অপরের বিরুদ্ধে কুৎসা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি বিএনপির উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের পর বাগেরহাট জেলখানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণ করা হয়।

বৃষ্টিকে উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে বাদ্যযন্ত্রের আয়োজনসহ পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে। রাতে জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

আরও খবর

Sponsered content