প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ , ২:২৮:৪২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের পূজামণ্ডপে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। মহানবমীতে মণ্ডপটি দর্শনের পাশাপাশি দেবী আরাধনায় অংশ নেন তিনি। যা তিনি শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে, দিয়েছেন বিশেষ বার্তাও।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, মণ্ডপে পূজা চেরির পরনে ছিল কালো রঙের শাড়ি। জরি ও সুতার নান্দনিক নকশায় সাজানো শাড়িতে তাকে দেখা যায় স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে। মণ্ডপে প্রণাম করার মুহূর্তের পাশাপাশি অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনার ছবিও শেয়ার করেছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে নবমীর তাৎপর্য তুলে ধরে পূজা চেরি লিখেছেন, ‘নবমী আমাদের মনে করিয়ে দেয়, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু নিজের চেতনায় প্রতিষ্ঠা করা কঠিন। যতদিন অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা আর দুর্বলের কান্নায় নির্বিকারতা থাকবে, ততদিন দেবী আরাধনা পূর্ণতা পাবে না। সত্যিকারের পূজা তখনই, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি হয়ে থাকে না বরং আমাদের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠেG’
নায়িকা বার্তায় উঠে এসেছে- অন্যায়ের প্রতিবাদ, নারীর প্রতি সম্মান এবং দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। তার মতে, দেবী দুর্গার আরাধনা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও মানবিকতার চর্চা করাই জরুরি।
জানা গেছে, উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরে এবার ৫৮তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সেবাখোলা ও বৈকুণ্ঠধাম পূজা উদযাপন পরিষদের আয়োজনে মণ্ডপটির থিম রাখা হয়েছে ‘রিপু রজনী’। মানুষের ছয়টি রিপু- কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের বিরুদ্ধে আধ্যাত্মিক সংগ্রামই এই থিমের মূল ভাবনা।



