শাহনেওয়াজ শাহ, বিজয়নগর প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ , ৪:৪৩:১৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ২৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী ও প্রবাসীরা। দীর্ঘদিনের ধর্মীয় খেদমতের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও নগদ তিন লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলবাড়িয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি মাওলানা মহিউদ্দিন মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর সুন্দর ব্যবহার, দায়িত্বশীলতা ও ধর্মীয় খেদমত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর অবদানের প্রতি সম্মান জানাতেই এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিদায়বেলায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জীবনের পরবর্তী সময়ে তাঁকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ উদ্যোগ অন্য মসজিদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করা ইমাম ও খতিবদের সম্মান জানাতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা তাঁদের।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মাওলানা মহিউদ্দিন বলেন, দীর্ঘ সময় তিনি এ এলাকায় কাটিয়েছেন। এলাকাবাসীর অনেকের বাড়িতে খেয়েছেন এবং তাঁদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এ আয়োজনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের অধিকাংশই তাঁর ছাত্র। এ সময় তিনি প্রবাসী, এলাকাবাসী ও মুসল্লিদের জন্য দোয়া করেন। দীর্ঘ পথচলায় তাঁর আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমাও চান।
অনুষ্ঠানে মরহুম হাফেজ আলী হোসেনের অবদানও স্মরণ করা হয়। ১৯৯৯ সালে তিনি মাওলানা মহিউদ্দিনকে ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেন। পরে মরহুম হাফেজ আলী হোসেন, মাওলানা মহিউদ্দিন ও শহিদুল হকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়িয়া মাদরাসা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মো. হারুনুর রশীদ মাস্টার, আয়োজক কমিটির কোষাধ্যক্ষ পাবেল সরকার, পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মেম্বার ও উপজেলা বিএনপির সদস্য মানিক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে মাওলানা মহিউদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও নগদ তিন লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন।















