সারাদেশ

হিমছড়িতে গোসলে নেমে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ , ১২:১২:১৪ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হলো। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও এক পর্যটক।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে হিমছড়ি সাগরনিবাস পয়েন্টে সৈকতে ভেসে আসলে বীচ কর্মী ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

নিহত পর্যটকের নাম হারুন। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের রামুর হিমছড়ি প্যাঁচার দ্বীপের মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে সাগরে গোসলে নেমে ডুবে যায় ছয় পর্যটক। পরে সন্ধ্যায় লাইফ গার্ড কর্মী ও স্হানীয় লোকজন তিন পর্যটকের মরদেহ উদ্ধার করে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজ যুবক এস এম নাফিসুর রহমান নিবিড়কে (২৩) উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফগার্ড কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার দুপুরের দিকে তারা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তারা। দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের আরেকটি গগ্রুপ গোসল করতে নামে।

তিনি জানান, পর্যটকদের অনেকেই সাঁতার জানতেন না। গোসলের সময় কাছাকাছি বেশ কয়েকজনকে পানিতে ডুবে যেতে দেখে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে যান। এ সময় স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এ সময় পাঁচজন যুবক সাগরে ডুবে যায় এবং একজনকে তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোকজন।

পরে সন্ধ্যার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহগুলো হচ্ছে সাইবুল হক জিসান (২৩), আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও মোহাম্মদ আকাশ।

নিহত সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে।

এদিকে নিখোঁজ এস এম নাফিসুর রহমান নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

আরও খবর

Sponsered content