মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ১১:৩০:১৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এতে পুরো শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় দুই ঘণ্টার জন্য।
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, “দুপুরে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে নিই এবং মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।”
তিনি আরও বলেন, “আজকের ঘটনায় TR-2 ব্রেকার ও একটি সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই একই গ্রিড উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন বিদ্যুৎ সরবরাহ সচল করতে দুই দিন সময় লেগেছিল এবং নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়।
এদিকে, রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল যে সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ চলবে, যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু তার মধ্যেই দুপুরে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুপুর ২টা ১৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















