সারাদেশ

মান্দায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

  মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ৫ নভেম্বর ২০২৫ , ১২:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় (নওগাঁ-রাজশাহী মহাসড়কে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলালসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন—“তৃণমূলের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতাদের বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।”

নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির কাছে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন— “বহুবার কারাবন্দী, সৎ, যোগ্য ও আদর্শবান নেতা এম এ মতীনকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হোক।”

জানা গেছে, এম এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দলীয় আন্দোলন-সংগ্রামে তিনি বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। স্থানীয় তৃণমূল কর্মীদের কাছে তিনি ‘ত্যাগী ও আদর্শ নেতা’ হিসেবে পরিচিত।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

ঘোষণার পরপরই উপজেলায় দেখা দিয়েছে ভিন্নমুখী প্রতিক্রিয়া—একপক্ষে এম এ মতীনের সমর্থকদের পুনর্বিবেচনার দাবি, অন্যপক্ষে টিপুর মনোনয়ন ঘিরে উচ্ছ্বাস।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে দলীয় ঐক্যে টান পড়তে পারে।

এর আগে গত ২৩ অক্টোবর মান্দা উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে ডা. ইকরামুল বারী টিপুর ‘দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে তাঁর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
সে সময় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে মান্দা বিএনপি এম এ মতীনের নেতৃত্বে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তারা মনে করেন—“মান্দার মাটি ও মানুষের সঙ্গে সরাসরি যুক্ত, আন্দোলনের মাঠে থাকা নেতাকেই প্রার্থী করা হলে বিএনপি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।”

আরও খবর

Sponsered content