তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ৩০ অক্টোবর ২০২৫ , ৩:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে রাস্তার পাশের ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই আনিছুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।




















