সারাদেশ

মেহেরপুরে অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

  মেহেরপুর প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৫:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ধর্মীয়) মাওলানা সিরাজুল ইসলাম (ছোট হুজুর)-এর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মোমিনপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাওলানা সিরাজুল ইসলাম ১৯৭৪ সালে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়-এ ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। তার নিজ জেলা ছিল নোয়াখালী। দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৮ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত এবং ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন পরহেজগার, খোদাভীরু ও পরোপকারী মানুষ। নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে এতিম ও দরিদ্র শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেন এবং তিনটি মাদ্রাসা নির্মাণে সহায়তা করেন। অনেক শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করে তাদের প্রতিষ্ঠিত আলেম হিসেবে গড়ে তুলেছেন তিনি।

তার এক ছাত্র বলেন, “হুজুর ব্যক্তি জীবনে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। এক-দুই সেট কাপড়েই বছর পার করতেন। তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না; জীবনের সব আয় তিনি দ্বীনের কাজে ব্যয় করে গেছেন। তিনি ছিলেন নির্লোভ ও দুনিয়াবিমুখ মানুষ—তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন।”

জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের আমীর মাওলানা তাঁজ উদ্দীন খান, আলহাজ্ব মাওলানা তালিব উদ্দীন, বারাদী মাদ্রাসার মুহতামিম শফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুস সালেকীন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ এবং তার হাতে গড়া অসংখ্য আলেম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content