প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:১২:০৪ প্রিন্ট সংস্করণ
জুলাই আন্দোলনে ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় যুবক দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাদের গ্রেপ্তার দেখানোর শুনানি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহম্মেদের ওপর গুলি করা হয়। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া মাথায় পেছনে আঘাত লেগে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
পরে এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা করেন দুর্জয়।















