আইন-আদালত

আটলান্টিকে শক্তি সঞ্চয়, ক্যাটাগরি-৫ ছুঁয়ে ভয়ংকর রূপে হারিকেন ‘অ্যারিন’

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:১৯:৩৫ প্রিন্ট সংস্করণ

আটলান্টিক মহাসাগরে উত্তর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে ভয়ংকর আকার ধারণ করেছে হারিকেন ‘অ্যারিন’। অস্বাভাবিকভাবে দ্রুত শক্তি সঞ্চয় করে শনিবার কিছু সময়ের জন্য এটি ক্যাটাগরি-৫ মাত্রায় পৌঁছায়, যা হারিকেনের সর্বোচ্চ স্তর। পরে এর তীব্রতা কিছুটা কমে বর্তমানে ক্যাটাগরি-৪ পর্যায়ে রয়েছে।

মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে উঠেছে এবং ‘বিস্ফোরণধর্মীভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। অথচ শুক্রবার পর্যন্ত এটি ছিল কেবল একটি ট্রপিক্যাল স্টর্ম।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত শক্তি সঞ্চয়কারী এ ধরনের হারিকেন বেড়েই চলেছে। শুক্রবার সকাল ১১টার দিকে অ্যারিন ছিল ক্যাটাগরি-১ হারিকেন, যার বাতাসের গতি ঘণ্টায় ৭৫ মাইল। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে তা ক্যাটাগরি-৫ এ উন্নীত হয়, তখন বাতাসের গতি দাঁড়ায় ঘণ্টায় প্রায় ১৬০ মাইল।

বর্তমানে অ্যারিন অ্যাঙ্গুইলা ও পুয়ের্তো রিকোর উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিমমুখী হয়ে আগামী সপ্তাহে উত্তর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই।

সিএনএন ও বিবিসি জানিয়েছে, অ্যারিন ইতোমধ্যেই লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিসপানিওলা ও তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদাধস সৃষ্টি করেছে। এসব অঞ্চলে ট্রপিক্যাল স্টর্মের সতর্কতা জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যারিন আটলান্টিক মহাসাগরের ইতিহাসে সবচেয়ে দ্রুত শক্তিশালী হওয়া হারিকেনগুলোর মধ্যে অন্যতম। সেপ্টেম্বরের আগে যেকোনো সময় তীব্রতা বাড়িয়ে আবারও ক্যাটাগরি-৫ মাত্রায় পৌঁছাতে পারে এটি। আইওয়াল প্রতিস্থাপন চক্রের মধ্য দিয়ে যাওয়ার ফলে ঝড়টির আকার আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও খবর

Sponsered content