জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৪:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ
ফেনীর গণঅভ্যুত্থানে শহীদ সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁদের মায়েরা। হৃদয়বিদারক এই মুহূর্তে সভাস্থলে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত শহীদ পরিবারের সদস্য, সুধীজন ও অতিথিদের অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।
২ আগস্ট শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক অভিভাবক সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সমাবেশে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার, শহীদ সারোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, ওয়াকিল আহমেদ শিহাবের মা মাহফুজা আক্তার, ছাইদুল ইসলামের মা রাহেনা বেগম এবং জাকির হোসেন সাকিবের মা কোহিনুর আক্তার তাঁদের সন্তানদের জীবনের গল্প, আন্দোলনের সময়কার অভিজ্ঞতা ও শেষ মুহূর্তের স্মৃতি আবেগময় কণ্ঠে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম অ্যান্ড অপস্- এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন আক্তার।
স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার।
রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, খেলাফত আন্দোলনের জেলা সেক্রেটারি আবদুল আজিজ এবং গণঅধিকার পরিষদের প্রতিনিধি রেজাউল করিম।
অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ।




















