সাতক্ষীরা প্রতিনিধি: ১৪ মে ২০২৬ , ৫:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কোষাধ্যক্ষ জহিরুল হক খান।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শুভ্র আহমেদ, কবি গুলশান আরা, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য ও প্রতাপ সরকার।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁদের সাহিত্যকর্ম ও সংগীত বাঙালির চেতনা, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা বহন করে।
তারা আরও বলেন, রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ে প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। তাঁদের আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমাজকে আলোকিত করছে।
বক্তারা মনে করেন, নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।




















