প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ২:০২:৪৮ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ঘিরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ইতোমধ্যে ৬০০টিরও বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সময় রোববার স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস বার্তাসংস্থা রয়টার্সকে জানান, স্পোকেন এরিয়া ফায়ার নামে পরিচিত এই দাবানল তিনটি পৃথক আগুনের সমন্বয়ে গঠিত এবং সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে ৫ হাজার ৩৯০ একর (প্রায় ২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলে কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন পরিস্থিতিকে ‘আমাদের অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
দাবানলের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত এলাকাটিতে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজ্যজুড়ে বর্তমানে ২ লাখ ৫০ হাজার একরেরও বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে পুড়ছে।
পরিস্থিতির অবনতির পর ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এফইএমএ) সহায়তা চেয়েছেন।
দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। তবে শুষ্ক আবহাওয়া ও অনুকূল নয় এমন পরিবেশের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।





















