প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ৬:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত অ্যাবের কাওয়াস। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরা নারী।
স্থানীয় মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কাওয়াস। নিউইয়র্ক টাইমসের ফল ঘোষণার সময় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছিল। তখন তিনি পেয়েছিলেন মোট ভোটের ৭৫ শতাংশ।
মিডল ইস্ট আই’ র প্রতিবেদনে বলা হয়, বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
‘মর্যাদায় অর্থায়ন, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’—এই স্লোগান নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। সর্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন কাওয়াস। পাশাপাশি যুদ্ধের পেছনে অর্থায়নের বিরোধিতা করেন তিনি।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। তার নির্বাচনী প্রচারণায় সমর্থন দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান রাশিদা তালাইব।
ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৯৯০-এর দশকে তারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় শ্রমিক অধিকার, অভিবাসী সম্প্রদায় এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি।
২০২৩ সালে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তায় অর্থায়ন বন্ধের দাবিতে ‘নট অন আওয়ার ডাইম’ প্রচারণা শুরুতে ভূমিকা রাখেন কাওয়াস। এ উদ্যোগের মাধ্যমে ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় স্থানীয় পর্যায়ে আইন প্রণয়নের চেষ্টা করেন তিনি।
তার এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি-আমেরিকান ও মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।





















