রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৫ , ৪:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সংঘটিত লগি-বৈঠার ঘটনাকে ‘নারকীয় গণহত্যা’ হিসেবে অভিহিত করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় ঘুরে পুনরায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) ও দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং দিনাজপুর-৫ আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ও যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর শাখার আমির খন্দকার আশরাফুল আলম, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলীসহ ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজপথে তাণ্ডব চালায়। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা ও লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে এক নৃশংস অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। বক্তারা ওই দিনের ঘটনাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে “রক্তাক্ত ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেন।














