সারাদেশ

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৬ , ১১:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে উম্মে খাদিজা মুন্নী স্থানীয় বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার জন্মনিবন্ধন অনুযায়ী জন্মতারিখ ৩১ জানুয়ারি ২০১০। সে হিসেবে তার বয়স এখনও বিয়ের আইনগত ন্যূনতম বয়সে পৌঁছায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) উপজেলার শিবপুর গ্রামের আলী আহমদ নামে এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে পাত্রের পিতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি প্রশাসনের নজরে এলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি ধর্মঘর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করে বাল্যবিয়ের আয়োজন বন্ধের উদ্যোগ নেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরে মেয়ের অভিভাবকরা বিয়ের আয়োজন থেকে সরে আসেন। তবে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান প্রশাসনকে জানিয়েছেন, অভিভাবকদের কাছ থেকে মুচলেকা সংগ্রহ করে তা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের কোনো ঘটনার তথ্য পেলেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content