“প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।” এমন প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় এই যুব-নেতৃত্বাধীন আন্দোলনের আয়োজন করা হয়। অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের উদাসীনতায় ঐতিহ্যবাহী প্রাণ সায়ের খাল আজ অস্তিত্ব সংকটে পড়েছে। খালের দুই পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
বক্তারা অবিলম্বে পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ, খাল থেকে বর্জ্য অপসারণ এবং শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি জানান। অন্যথায় পৌরসভার সামনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিকুল উদদ্দৌলা সাগর, জেলা পরিবেশ সংরক্ষণ সংঘের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক পল্টু বাসার, জিডিএফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ। এছাড়াও সিডো ও প্রান্তি যুব সংঘের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী সাজাই’, ‘বর্জ্য ফেলি ডাস্টবিনে, পরিচ্ছন্ন সাতক্ষীরা চাই’ এবং ‘সুস্থ জীবন নিশ্চিত করুন, আজকের বর্জ্য আজই পরিষ্কার করি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনরত যুব প্রতিনিধিরা বলেন, প্রাণ সায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা তাদের নাগরিক দায়িত্ব। তারা খালের পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি রাখবেন এবং পুরো সাতক্ষীরাকে একটি সবুজ ও টেকসই জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে জানান।