নওগাঁ প্রতিনিধি: ২৮ মার্চ ২০২৬ , ৫:২৪:১৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠে গম কাটার সময় বজ্রপাতে আশরাফুল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ভোরে উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতল (তেপুকুরিয়া) মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোরে আশরাফুলসহ পাঁচজন কৃষক তেপুকুরিয়া মাঠে গম কাটতে যান। কাজ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা এর মধ্যে পড়ে যান। এতে আশরাফুল গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা আরও দুইজন সামান্য আহত হন।
পরে আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে একজন মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।




















