প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৬ , ১:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ
ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি তরুণী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা দুই তরুণী হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস ও একই উপজেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
লাবনী বিশ্বাস জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ২০২৪ সালের ৪ আগস্ট সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের আদালত তাদের দুই বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে বেঙ্গালুরুর ‘বালামন্দির চাইল্ড হোম’ দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ফেরত দুই তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ বুধবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।















