সারাদেশ

নারীর দায়ের কোপে ১৪ মামলার আসামি নিহত

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১:০১:৫৬ প্রিন্ট সংস্করণ

যশোরে ঘরে ঢুকে হামলা ও পুত্রবধূকে ধর্ষণচেষ্টাকালে শাশুড়ির দায়ের কোপে হত্যাসহ ১৪টি মামলার আসামি শরিফুল ইসলাম জিতু নিহত হয়েছেন। এ সময় নিহতের ছুরিকাঘাতে একই পরিবারের দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১২টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- পূর্ব বারান্দী মাঠপাড়া এলাকার লাল মিয়ার স্ত্রী শুকরান বেগম (৫২) এবং তার ছেলে সুমন হোসেন ওরফে সুমন মিয়া (২৮)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শুকরান বেগম জানান, বুধবার রাতে তাদের বাড়িতে ঢুকেন সন্ত্রাসী জিতু। এরপর সুমনের কাছে মাদক কেনার জন্য চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে সুমনকে আঘাত করেন। ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে ঘরের ভেতরে তার পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করা হলে আত্মরক্ষার্থে ঘরে থাকা একটি দা দিয়ে জিতুকে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় জিতুর মৃত্যু হয়।পরে মরদেহ আবার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জিতু একাধিক মামলার আসামি ছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

Sponsered content