মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৬ , ১:২৭:৪০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৪৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাধবপুর পৌর এলাকার জাল বাজারের তিনটি গুদামে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী ইমরান মিয়া (৩০) ও গফুর মিয়া (৬০)-এর গুদামসহ তিনটি গুদাম থেকে ৩৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল এবং ৯৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা ৪৫৫টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাল ধ্বংসের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, আনসার ও ভিডিপি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





















