প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০৯:২৮ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে থাকা অবস্থায় প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায় বাসটি। এতে দুই আরোহীর মরদেহ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করে। তবে পালিয়ে যান বাসের চালক ও হেলপার।
তিনি আরও বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















