নওগাঁ প্রতিনিধি: ১৯ জুন ২০২৬ , ১২:৪৭:১১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় এক নারী সহকর্মীকে দীর্ঘদিন ধরে হয়রানি ও হেনস্তার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত জিয়াউল হক জিয়া উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। ভুক্তভোগী নারী শিক্ষক গত বুধবার মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক বিভিন্নভাবে ওই নারী শিক্ষককে বিরক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে বিভিন্নভাবে মানসিক চাপ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন বিদ্যালয়ের একাডেমিক ভবনে নারী শিক্ষককে প্রকাশ্যে হেনস্তা করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ গত বুধবার বিদ্যালয়ের সামনে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, মামলা দায়েরের পরও বিভিন্ন মাধ্যমে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একদল এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, “অভিযোগের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান থেকে সমাধানের চেষ্টা করা হয়েছিল। বর্তমানে বিষয়টি প্রশাসনের অধীনে রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, অভিযোগ তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ভুক্তভোগী নারী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















