মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৬ অক্টোবর ২০২৬ , ১২:২৭:৪১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাঁকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে শিক্ষক তাঁকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়, পরে অফিসকক্ষের দরজা-জানালা বন্ধ করে গোলাম কবির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা অফিসকক্ষের কাচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। ওই ছাত্রী আতঙ্কে বাথরুমে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম কবিরকে আটক করে।
এ ঘটনায় ছাত্রীর চাচা শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ১০ ধারায় গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল আজম।
রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। আদালতের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন শাস্তি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।















