প্রচ্ছদ » অপরাধ » তিন বিয়ের তথ্য গোপন করে চতুর্থ বিয়ের চেষ্টা, টঙ্গীতে যুবককে ঘিরে প্রতারণার অভিযোগ
তিন বিয়ের তথ্য গোপন করে চতুর্থ বিয়ের চেষ্টা, টঙ্গীতে যুবককে ঘিরে প্রতারণার অভিযোগ
মোঃ নুরুজ্জামান, গাজীপুর প্রতিনিধি: ১৪ মে ২০২৬ , ১০:৩৪:৪৩প্রিন্ট
সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে পূর্বের তিনটি বিয়ের তথ্য গোপন রেখে চতুর্থ বিয়ের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েছেন এক যুবক। এ ঘটনায় প্রতারণা, তথ্য গোপন, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযুক্ত মো. হারুন অর রশিদ রানা (৩৫) পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠি গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া রোড এলাকায় খান বেকারি সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার নিশাতনগর এলাকার বাসিন্দা মো. সজিবের ছোট বোন শিমা আক্তার (ছদ্মনাম) এর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন রানা। পরে পরিবারের সদস্যরা তার ব্যক্তিগত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন।
পরিবারের দাবি, রানার প্রথম স্ত্রী ফাতেমা বেগম সাথীর সঙ্গে যোগাযোগ করলে তার পূর্বের বিয়ে ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসে। বিষয়টি নিয়ে রানাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। এতে পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
এদিকে রানার প্রথম স্ত্রী ফাতেমা বেগম সাথী অভিযোগ করেন, প্রায় ১৯ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার কাছে যৌতুক দাবি করা হতো। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাথীর ভাষ্যমতে, দীর্ঘ সময়ে তিনি প্রায় ১৫ লাখ টাকা দিয়েছেন। এরপরও যৌতুকের চাপ, নির্যাতন ও হুমকি অব্যাহত ছিল। তিনি আরও অভিযোগ করেন, তার অজান্তে রানা তামান্না ও সোনিয়া নামে আরও দুই নারীকে গোপনে বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।
তিনি জানান, বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সূত্রে জানতে পারেন, রানা টঙ্গীর খাঁ-পাড়া রোডের একটি বাসায় চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে গিয়ে বিয়েতে বাধা দিলে রানা তাকে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।