অপরাধ

যশোরে ১০১ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি কসাই কওছার আটক

  বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ১৬ জুন ২০২৬ , ১২:১১:৪৮ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি কওছার আলী ওরফে ‘কসাই কওছার’কে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ঘোষনগর বাজারের পেছনে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক কওছার আলী (৪২) উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কওছার আলী ওরফে কসাই কওছারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পূর্বে তিনি গরু জবাইয়ের কাজ করলেও গত প্রায় দুই বছর ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার মাদক কার্যক্রমের কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কওছারের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি পারিবারিক সহিংসতার একটি ঘটনায় একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগও রয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, “মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে কওছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

আরও খবর

Sponsered content