প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৪১:৪৫ প্রিন্ট সংস্করণ
দেশের নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’ এবং ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের এই মিলনমেলায় ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের আধুনিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ প্রযুক্তি প্রদর্শন করবে। মেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, সাইবার সিকিউরিটি, বায়োমেট্রিক প্রযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ও পিপিই (PPE)-সহ নানা সুরক্ষাসামগ্রী স্থান পাবে। তিন দিনে প্রায় ৫ হাজার ট্রেড ভিজিটর সমাগমের আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।
বিসিএস-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে নিরাপত্তাঝুঁকিও বাড়ছে। নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আগামীর জন্য ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে।” আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা জানান, দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের এই সময়ে মেলাটি নতুন নতুন প্রযুক্তি ও সমাধান খুঁজে নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পণ্য প্রদর্শনের পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক দুটি সেমিনারও অনুষ্ঠিত হবে, যেখানে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অভিজ্ঞতা বিনিময় করবেন। দর্শনার্থীরা বিনামূল্যে নির্ধারিত অনলাইন লিংকে নিবন্ধনের মাধ্যমে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর প্রতিদিন মেলায় অংশ নিতে পারবেন।















