প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আজ রোববার (১৯ জুলাই) ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখার পাশাপাশি আয়োজন করা হয়েছে জমকালো কনসার্টের।
বিশ্বকাপ ফাইনালের আবহকে আরও রঙিন করে তুলতে রাজধানীর বনানীর পূজা মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ ঘিরে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও অংশ নেন এই শিল্পী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন সঞ্জয় দেব। তিনি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এ আয়োজনে তার সঙ্গে আরও পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। ঢাকার অনুষ্ঠান শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।
এদিকে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারেও আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ শীর্ষক আরেকটি বিশেষ অনুষ্ঠান। সেখানে বড় পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে সংগীতানুষ্ঠান।
এই আয়োজনের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। ১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত ফুটবল আর সংগীতের সমন্বয়ে চলবে এই মেগা আয়োজন।















