প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১০:৪৯ প্রিন্ট সংস্করণ
হাসপাতালে ভর্তি টিভি নাটকের অভিনেতা তিনু করিম। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশীন।
তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মাঝে শরীরের অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ এবং অবশেষে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
হুমায়রা নওশীন বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।’
জানা যায়, অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
উল্লেখ্য, দুই যুগ ধরে নাটক-সিনেমায় কাজ করছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তিনি টিভি নাটকে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় নাম লিখান এই অভিনেতা। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।











