সারাদেশ

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৫:০০:০৩ প্রিন্ট সংস্করণ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর হামলাকারী মনিরুল হাওলাদারের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার বিকেলে তার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের গ্রামের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় পাশাপাশি একটি চারচালা ও একটি দোচালা টিনশেডের ঘর। দুটো ঘরেই বাইরে থেকে তালা ঝুলছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দেড় বছর আগে ২৮ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান মনিরুল হাওলাদার। তিনি সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে। এলাকায় থাকা অবস্থায় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বর্তমানে গ্রামের বাড়ীতে তার মা আলেয়া বেগম তার বড় ভাইয়ের সঙ্গে বসবাস করেন। এছাড়া তার তিন বোনের বিয়ে হয়ে গেছে।

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হলে মনিরুলের মা ও বড় ভাইয়ের পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়েছেন। বিদেশের মাটিতে একজন বাংলাদেশির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুলের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। দেশে থাকাকালে মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছে তারা।

মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, ‘এখনও বাড়িঘর করতে পারে নাই। ঋণের বোঝা মাথার ওপরে। টাকা পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করছে। আমি সৎভাই এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে দেশের সম্মান শেষ করে দিয়েছে। ওর বিচার করুক, আমরা ওর সাথে নাই। এমন লোক থাকার চেয়ে না থাকাই ভালো। ওর মা, ভাই-বোন সবাই পালাইছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। ওখানের ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি সব ধরনের সহযোগিতা করছেন।’

আরও খবর

Sponsered content