মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০:১৫:২১ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক কম্পিউটার দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কম্পিউটার ব্যবহার করে জাল নোট তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক ওই এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি পয়না বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি দোকান পরিচালনা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, ওই দোকানে কম্পিউটার ব্যবহার করে জাল টাকা তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে বেলা ৩টা ১৫ মিনিটে দোকানটিতে অভিযান চালায় ডিবির একটি দল।
পুলিশের দাবি, অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলামের দেহ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি রঙিন প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে। কম্পিউটারের ভেতরেও জাল নোট তৈরির আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ দোকানদার তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল ইসলাম জাল নোট প্রস্তুত ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















