মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ৪ অক্টোবর ২০২৬ , ১২:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় জালিয়াতির মাধ্যমে তৈরি রেজিস্ট্রেশন সনদ ও কাগজপত্র ব্যবহার করে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,মান্দা উপজেলার কালিগ্রামের মৃত অখিল চন্দ্র আচার্য্যের ছেলে শ্রী শিব চন্দ্র আচার্য্য (৩৬) এবং সফাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৭)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মান্দা থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন কিলো-০৬ ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ী বাজারের গরুহাটি মোড়সংলগ্ন ‘মা-বাবা আশীর্বাদ অটো’ দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি লাল-কালো রঙের ব্যবহৃত টিভিএস কোম্পানির এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। যার পেছনে ‘ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১’ নম্বর প্লেট লাগানো ছিল। পাশাপাশি মোটরসাইকেলটির বিপরীতে তৈরি করা একটি জাল রেজিস্ট্রেশন সনদ—যেটিতে মো. মাসুম উদ্দিনের স্বাক্ষর ও অস্পষ্ট লেখা রয়েছে—এবং ইঞ্জিন ও চেসিস নম্বর সংবলিত ১৭৩১৭২৫৭৫ নম্বরের একটি জাল ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, জালিয়াতি ও চুরির অপরাধে মামলা দায়েরের পর শনিবার সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















